দুর্ঘটনায় আহত ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ১
যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ১
সংবাদ ২৪ ঘন্টা
০৬ সেপ্টে ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনের স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আব্দুল আলিম (৪০)। তিনি চট্টগ্রাম জেলার বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। সিলেট কাস্টমসে কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসের চালক গাড়ি সামলাতে না পেরে ডান পাশের রোড ডিভাইডারের ওপর তুলে দিলে বাসটি উল্টে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিমের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হলেও ঢাকামুখী লেনে গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, দুটি রেকার ব্যবহার করে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সূত্র : এনপিবি
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা